জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে তার নিজ এলাকা চাঁদপুরের শাহরাস্তিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দোয়াভাঙ্গা শাহরাস্তি গেট আল আমিন কমপ্লেক্সের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা তার কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটোয়ারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে বারবার অবমাননাকর মন্তব্য করছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা বলেন, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নাসীরুদ্দীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করছেন এবং বিএনপি নেতাদের নিয়ে অশ্লীল মন্তব্য করে নিজেকে অপমানিত করছেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, শাহরাস্তির সন্তান হয়েও তিনি জাতীয়ভাবে এলাকায় কলঙ্ক ডেকে এনেছেন। তার এ ধরনের মন্তব্য বিএনপি’র অসংখ্য নেতাকর্মীর হৃদয়কে আঘাত করেছে। ভবিষ্যতে যেন তিনি উসকানিমূলক বক্তব্য না দেন, সেজন্য তাকে সতর্ক করা হয়।