
দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার সকালে এমপিওভুক্ত শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার প্রতিবাদে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে বাড়ি ভাড়ার জন্য মূল বেতনের ২০ শতাংশ ভাতাসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা ন্যায্য প্রাপ্য আদায়ের দাবিতে খোলা আকাশের নিচে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পুলিশি হামলার প্রতিবাদে তারা আজ থেকে পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেন, “শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়েছে, এতে তারা ক্ষুব্ধ ও উত্তেজিত। তাই আন্দোলনের কর্মসূচি আগাম ঘোষণা করা হয়েছে। সোমবার থেকেই সারাদেশে এই কর্মবিরতি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ক্লাস হবে না।”
তিনি আরও জানান, বেসরকারি মাদরাসার শিক্ষকরা বর্তমানে ন্যূনতম ৯ হাজার ৩০০ টাকা এবং স্কুলের শিক্ষকরা ১২ হাজার ৫০০ টাকায় মানবেতর জীবনযাপন করছেন। এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তির জন্যই তাদের এই আন্দোলন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।