অনলাইনে ছড়াল ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানালেন ছেলে মইন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।

শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জয় জানান, তাঁর বাবা বর্তমানে অসুস্থ এবং লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, “বাবার চিকিৎসা নিয়মিতভাবে চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা বাবার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করুন।”

জয় আরও জানান, ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কর্মী, ভক্ত ও সাধারণ মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এজন্য তিনি পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

তবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জয়। তিনি বলেন, “দুঃখজনকভাবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এসব কর্মকাণ্ড জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।”

বার্তায় তিনি আরও আহ্বান জানান, যদি কারও সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয়, তাহলে তাঁরা ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, তবে চিকিৎসা চলছে নিয়মিতভাবে।