মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মফেজ আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কালিগাংনী গ্রামের ঘোনারমোড় এলাকায়। নিহত মফেজ আলী ওই গ্রামের ভিটাপাড়ার বাসিন্দা জামাল আলীর ছেলে। ঘটনাটির পর তিনজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি চায়ের দোকানে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে হাতাহাতি হয়।

এসময় উপস্থিত কৃষক মফেজ আলীও বিবাদে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে সাবদার আলী তাকে বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা জামাল আলী দাবি করেন, তার ছেলে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে পড়েই প্রাণ হারিয়েছেন।

খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা (ডিবি) ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামানকে আটক করে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।