জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম সেশনে খেলা চলছিল স্বাভাবিকভাবে। ঠিক তখনই ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে ছুটে যান প্রতিপক্ষ ব্যাটার সৌম্য সরকারসহ অন্যান্য খেলোয়াড়রা। দ্রুতই স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় রাব্বিকে। তবে কিছুক্ষণ পর শরীরে আরাম অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি তাকে।

শনিবার (২৫ অক্টোবর) শুরু হওয়া জাতীয় লিগের ২৭তম আসরে খুলনায় স্বাগতিক খুলনা বিভাগের বিপক্ষে খেলছিল বরিশাল। জানা গেছে, প্রচণ্ড গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের জার্সিতে দুই ম্যাচ খেলা ফজলে মাহমুদ রাব্বি। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান।

তিনি গণমাধ্যমকে জানান, “রাব্বি এখন অনেকটা ভালো আছেন। আমরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তিনি নিজেই বলেছিলেন ভালো লাগছে। এরপর ড্রেসিং রুমে ফিরে যান। ঘটনাটি আমাদের সামনেই ঘটে—বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হঠাৎ পড়ে যান। তখন দেখা যায় তার শরীর অবশ হয়ে যাচ্ছে, এমনকি চোখেও কিছুটা ঝাপসা দেখছিলেন। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো স্ট্রোক করেছে। পরে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিই। এখন তিনি স্থিতিশীল আছেন।”