উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাখাওয়াত হোসেন বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পিসিওএসের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এ সমস্যায় আক্রান্ত নারীদের সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, চীনসহ বিভিন্ন উন্নত দেশের আধুনিক চিকিৎসা প্রযুক্তি দ্রুত দেশে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন পিসিওএসে আক্রান্ত। এই রোগ নারীদের হরমোন ও বিপাকীয় স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে সন্তান ধারণে জটিলতার সঙ্গে সম্পর্কিত।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।