
দেশ ও জাতির উন্নয়নে মাদ্রাসা শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আগামীর স্বপ্ন বাস্তবায়নে মাদ্রাসার শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত “১ম এমডিসি জাতীয় স্কুল, কলেজ ও আন্তঃমাদরাসা বিতর্ক প্রতিযোগিতা”-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “যোগ্য হয়েই আমাদের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে নিজেদের সক্ষমতা ও দক্ষতার প্রমাণ রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের পথচলা কেবল শুরু হয়েছে। সামনে যেতে হলে বাধা-বিপত্তি আসবেই, কিন্তু তাতে থেমে গেলে চলবে না। লক্ষ্য অর্জনে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশের ৫৪টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কলেজ ও উন্মুক্ত ক্যাটাগরিতে নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন এবং মনিপুর স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়।
অন্যদিকে, মাদরাসা ক্যাটাগরিতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা চ্যাম্পিয়ন এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ড. শামসুল আলম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ভূইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ, ডাকসুর নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম এবং গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী মানিক প্রমুখ।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।