ঢাকার কেরানীগঞ্জে একটি আবাসন প্রকল্পের দখল থাকা জলাশয় ও কৃষিজমি উদ্ধারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানের সময় হামলা করেছে ভূমিদস্যুরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে মারধর ও তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয়। ওই হামলায় ওই দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার বেলা একটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় ‘মিলেনিয়াম সিটি’ আবাসন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। হামলার কারণে নিরাপত্তার স্বার্থে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সরে যান। অভিযানে নেতৃত্বে ছিলেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। এ সময় হামলাকারীরা রাজউকের গাড়ি ও এক্সকাভেটর (খননযন্ত্র) ভাঙচুর করে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন মাছরাঙা টেলিভিশনের প্রতিবেদক মাজহারুল মিলন (৪৫) ও ক্যামেরা পারসন জহিরুল ইসলাম (৪২) এবং রাজউকের এক্সকাভেটর চালক আবদুল খালেক (৫৫)।

সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা একটার দিকে মিলেনিয়াম সিটির ভেতরে অরবিট নামে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের সাইনবোর্ড এক্সকাভেটর দিয়ে অপসারণকালে ১০–১২ ব্যক্তি বাধা দেন। রাজউকের কর্মকর্তারা তাঁদের বাধা উপেক্ষা করে অভিযান চলমান রাখেন। একপর্যায়ে ৩০ থেকে ৩৫ ব্যক্তি জড়ো হয়ে এক্সকাভেটর চালক জহিরুলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় তাঁরা রাজউকের কর্মকর্তাদের লাঞ্ছিত ও দুই সাংবাদিককে মারধর করেন।