
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় অবরোধ উঠিয়ে নিলে যানবাহন আবারও চলাচল শুরু করে।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান করছে। এর আগে, বেলা ১১টার দিকে ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা অবরোধ শুরু করলে সাতরাস্তা হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।
আন্দোলন করা এক শিক্ষার্থী বলেন, “আগে ছয় দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল। সরকার সেগুলো মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছে। সেগুলোরও সমাধান করতে হবে।”
এর আগে, মঙ্গলবার দুপুরেও সাতরাস্তা মোড়ে বিক্ষোভ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর তারা ক্যাম্পাসে ফিরে যায়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।