
চব্বিশের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানের সময় ৫ আগস্ট সংঘটিত ছয় হত্যার মামলায় আগামীকাল (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মামলাটিতে মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন।
অন্যদিকে শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।
এ মামলার তদন্ত সংস্থা চলতি বছরের ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন দপ্তরে জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়াকে গুলি করে হত্যা করা হয়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।