যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে যশোর সদরের বাউলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম উত্তম হালদার (৩৯)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলা গ্রামের জীবন হালদারের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উত্তম হালদারকে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হলে বিশেষ কায়দায় লুকানো ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম হালদার জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় মদ পাচারের উদ্দেশ্যে তিনি এগুলো নিয়ে যাচ্ছিলেন।

আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।