
যানজটে আটকে সড়ক উপদেষ্টা বাধ্য হয়ে মোটরসাইকেলে রওনা
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যের দিকে রওনা হন।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে পৌঁছান। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ের দিকে যাচ্ছিলেন। আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকে পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পর যানবাহন এক ইঞ্চিও না নড়লে সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে করে যাত্রা চালানোর।
চশমা ও হেলমেট পরা অবস্থায় উপদেষ্টা যখন মোটরসাইকেলে উঠেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময় দেখা যায়। পুলিশ দ্রুত পথ পরিষ্কার করতে শুরু করেন এবং অনেকে মোবাইলে এই দৃশ্য ধারণ করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হন এবং সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে যাত্রা চালিয়ে যান।
উপদেষ্টার সফরের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তর সকাল থেকেই প্রস্তুত ছিলেন। সড়কের খানাখন্দে ইট-বালু বিছানোসহ সাময়িক সংস্কারের কাজ চলছিল, তবে ভারী বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।