চট্টগ্রামের হামজারবাগে নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হাসপাতালে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) রাতে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গিয়ে এরশাদ উল্লাহর খোঁজ নেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “সরওয়ার হোসেন বাবলা একজন চিহ্নিত সন্ত্রাসী। তাকে লক্ষ্য করে প্রতিপক্ষ দুর্বৃত্তরা গুলি চালালে সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ আহত হন। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

তিনি নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন, আহত এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নুরুল আমিন বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। প্রকাশ্যে গুলি চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে এই ঘটনায় দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।”