“জীবনে প্রথমবার কাবা শরীফে এসেছি, আর প্রথমবারেই কালো পাথরে চুমু দিতে পেরেছি—যা ভাগ্যের চেয়েও বড় সৌভাগ্য,”—এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান।

কাবা শরীফের সামনে বসে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে তিনি জানান, বর্তমানে তিনি ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। ভিডিওতে দেখা যায়, ইহরামের সাদা পোশাকে আবেগে আপ্লুত ফারহানকে।

আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। জীবনে আর কোনো বড় চাওয়া-পাওয়া নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দিন। এটি সত্যিই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। সবাই আমার জন্য দোয়া করবেন।”

তার এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটিতে প্রায় ২২ লাখ রিয়্যাকশন, ৬০ হাজারের বেশি মন্তব্য এবং ২২ হাজারের বেশি শেয়ার পড়েছে।