এসি চালানো মানেই মাথায় আসে বিদ্যুৎ বিলের হিসাব। অনেকের মনে প্রশ্ন— প্রতিদিন ৮ ঘণ্টা করে এসি ব্যবহার করলে মাস শেষে কত টাকা বিল দিতে হতে পারে? এ হিসাব নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর— যেমন এসির ক্ষমতা (টন), ইউনিটপ্রতি বিদ্যুতের দাম ও ব্যবহারধারা।

সাধারণভাবে বলা যায়, ১ টন এসি প্রতি ঘণ্টায় ০.৮–১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সে হিসেবে প্রতিদিন ৮ ঘণ্টা চালালে মাসে খরচ হবে প্রায় ১৩০০–১৬০০ টাকা।
১.৫ টন এসি প্রতি ঘণ্টায় ১.২–১.৫ ইউনিট বিদ্যুৎ নেয়, তাই মাসের বিল হবে আনুমানিক ২০০০–২৫০০ টাকা।
২ টন এসির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ১.৮–২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়, ফলে মাস শেষে বিল দাঁড়াতে পারে ৩০০০–৩৫০০ টাকার মতো।

অর্থাৎ প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসে মোট বিদ্যুৎ খরচ হতে পারে ১৯২ থেকে ৪৮০ ইউনিট পর্যন্ত। যদিও এ হিসাব গড় ধরে করা হয়েছে— প্রকৃত বিদ্যুৎ খরচ নির্ভর করবে এসির সেটিংস, কক্ষের আকার, ইনসুলেশন, তাপমাত্রা ও ইউনিটপ্রতি বিদ্যুতের দামের ওপর।

তবে কিছু সঠিক পদ্ধতি অনুসরণ করলে এসি ব্যবহার করেও খরচ কমানো সম্ভব। যেমন:

  • ইনভার্টার এসি ব্যবহার করলে ৩০–৪০% বিদ্যুৎ সাশ্রয় হয়
  • তাপমাত্রা ২৪–২৬ ডিগ্রিতে সেট করা
  • রুমের দরজা–জানালা ভালোভাবে বন্ধ রাখা
  • টাইমার ব্যবহার করা
  • এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা

সঠিক পরিকল্পনা ও সচেতন ব্যবহারে আরামও পাওয়া যাবে, বিদ্যুৎ বিলও কমবে। তাই এসি চালানোর আগে প্রয়োজনীয় দিকগুলো বিবেচনা করলে বাড়তি খরচ থেকে সহজেই বাঁচা যায়।