
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ একাদশ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও এক আসামির বিরুদ্ধে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে দেশব্যাপী হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এসব ঘটনার জন্য শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই রাজসাক্ষী হয়েছেন। তার উপস্থিতিতেই অন্য সাক্ষীরা জবানবন্দি দিচ্ছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই রাজসাক্ষী হিসেবে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) দশম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে ছয়জন সাক্ষী—যার মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী ছিলেন—জবানবন্দি দিয়েছেন। আজকের শুনানি তারই ধারাবাহিক অংশ।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের ভিত্তিতে এ মামলা চলছে।
অভিযোগপত্রের মোট পৃষ্ঠা সংখ্যা ৮ হাজার ৭৪৭। এর মধ্যে তথ্যসূত্র রয়েছে ২ হাজার ১৮ পৃষ্ঠায়, জব্দকৃত তালিকা ও অন্যান্য দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠায়, আর শহীদদের তালিকার বিবরণ রয়েছে ২ হাজার ৭২৪ পৃষ্ঠায়। এই মামলায় মোট সাক্ষী তালিকাভুক্ত হয়েছেন ৮১ জন। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় চিফ প্রসিকিউটরের কাছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।