নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের দীঘি বাজারে সরকারি অর্থায়নে নির্মিত একটি শৌচাগার ভেঙে বিএনপির দলীয় কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে। এতে বাজারে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘি বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় এলজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য দুই কক্ষবিশিষ্ট শৌচাগারটি নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি শৌচাগারটি ভেঙে সেখানে দুটি কক্ষ তৈরি করা হয়। পরে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের ছবি সংবলিত বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়। বর্তমানে ঘরটি তালাবদ্ধ রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. কামাল ও বিএনপি নেতা মো. রাজিবকে দায়ী করেছেন। তবে বিএনপি নেতা রাজিব বলেন, “শৌচাগারটি কামাল ভেঙেছে। পরে আমি সেখানে ঘর তৈরি করি। তবে সাইনবোর্ড কে টাঙিয়েছে, তা আমার জানা নেই। সেখানে এখনো দলীয় কোনো কার্যক্রম চালানো হয়নি।”

সরকারি খাসজমি ও জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত স্থাপনা দখল করে রাজনৈতিক কার্যালয় তৈরির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ঘটনাটিকে দলীয় ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।