
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদেশে নিয়ে হাদির চিকিৎসায় যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকেই বরাদ্দ দেওয়া হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং তা আরও স্থিতিশীল হবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দে কোনো সমস্যা হবে না।
এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত কয়েক দিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।