সর্বজনীন পেনশনে নমিনিদের জন্য সুখবর
সর্বজনীন পেনশন ব্যবস্থায় পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীর পেনশন সুবিধা পাওয়ার বয়সসীমা বাড়ানো হয়েছে। আগে ৭৫ বছর বয়স পর্যন্ত এ সুবিধা পাওয়া গেলেও এখন থেকে তা ৮০ বছর পর্যন্ত পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
তিনি জানান, পেনশনার নিজে আজীবন পেনশন সুবিধা পাবেন। তার মৃত্যুর পর স্বামী বা স্ত্রী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন। এর আগে এই সুবিধার বয়সসীমা ছিল ৭৫ বছর।
এদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত সরকারি পেনশন ব্যবস্থার আওতায় না থাকা সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কর্মীদের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ‘প্রগতি’ স্কিমটি মূলত বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য চালু রয়েছে।
পাশাপাশি সর্বজনীন পেনশন ব্যবস্থায় শরিয়াহভিত্তিক বা ইসলামিক পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য পেনশন তহবিলে ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।