সরকারি চাকরিজীবীদের পর এবার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়। এরপর বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনার আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক গেজেট জারি করা হবে। বিষয়টি নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক পে-স্কেল প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেলের আওতায় আনতে শিক্ষা মন্ত্রণালয়কে প্রথমে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে হবে। এরপর অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে পৃথক গেজেট জারি করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।
বর্তমানে সারা দেশে ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৪ লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।