আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ওই তারিখের পর থেকে ব্যবহারকারীরা আর ডেস্কটপ অ্যাপে লগ ইন করতে পারবেন না। শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই পরিবর্তন শুধুমাত্র স্ট্যান্ডঅ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণে মেসেঞ্জার ব্যবহার স্বাভাবিকভাবেই চালু থাকবে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষণার পর ডেস্কটপ অ্যাপে লগ ইন করা আর সম্ভব হবে না। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে মেসেঞ্জারের ওয়েব সংস্করণ বা ফেসবুক প্ল্যাটফর্মে পুনর্নির্দেশ করা হবে।

মেসেঞ্জারের হেল্প পেইজে বলা হয়েছে, “যদি আপনি ডেস্কটপ অ্যাপ ব্যবহার করেন, তাহলে ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে একটি ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপরও আরও ৬০ দিন ম্যাক সংস্করণের মেসেঞ্জার ব্যবহার করা যাবে। তবে এই সময়সীমা পার হলে অ্যাপটি সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাবে। তাই আমরা পরামর্শ দিচ্ছি, অ্যাপটি আনইনস্টল করে ফেলুন।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ডেস্কটপ অ্যাপের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং মাল্টিপ্ল্যাটফর্ম জটিলতা কমাতেই মেটা এ সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ প্রকাশ করেনি।

এক বিজ্ঞপ্তিতে মেটা জানায়, এই পদক্ষেপের লক্ষ্য ডেস্কটপ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও স্থিতিশীল করা। তবে অনেক ব্যবহারকারী মনে করছেন, এতে তাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে।