ফরিদপুর জেলা শহরের আলিপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটি কাটার শ্রমিক ইছহাক মাতুব্বর (৫৫) মারা গেছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের পশ্চিম আলিপুর খন্দকার লজ এলাকায় ঘটেছে। নিহত ইছহাক মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইছহাক মাতুব্বরকে পশ্চিম আলিপুরের তরুণ বাবুর বাড়িতে একটি বাথরুম নির্মাণের কাজে ডাকা হয়। তিনি বাথরুমের চারটি মাটির রিং বসানোর কাজ করছিলেন। দুপুর ২টার দিকে কাজ শেষ করে খাবারের জন্য বাড়ি ফিরে আসেন। খাবার শেষে ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি খন্দকার লজ এলাকার একটি বন্ধ দোকানের শাটারে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় শাটারটি বিদ্যুতায়িত থাকায় তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয় নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন জানান, দোকানটি জিসান মোল্লার মালিকানাধীন এবং এখানে অটোরিকশার ব্যাটারি ও পার্টস বিক্রি করা হয়। দোকানটি বন্ধ থাকলেও শাটারে বিদ্যুৎ সংযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ফরিদপুর বিদ্যুৎ বিভাগের একটি দল এসে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। মরদেহের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”