কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, যারা চৌদ্দগ্রামের দুটি পরিবারের সদস্য। নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

বুধবার (৫ নভেম্বর) ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের পাঁচ মহিলা যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে শিশু ও আরও এক-দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশ করা গ্রামের এনামুল হক পাটোয়ারীর স্ত্রী ফারজানা আক্তার রুবি (৫২), মেয়ে সাদিয়া আক্তার (২৬), ছেলের বউ লিজা আক্তার (২৩), ছেলের শাশুড়ী ফালগুন করা গ্রামের রেজওয়ানা আক্তার শিল্পী (৪৮) এবং তার মেয়ে তিজা আক্তার (২০)।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চট্টগ্রামমুখী মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করেছে, তবে দুর্ঘটনার পর বাস ও মাইক্রোবাসের চালকরা পালিয়ে গেছেন।