কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী নোড়া মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনাস্থলে দুইজন নিহত হন, আর মাধব কার্ড খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে তিনজন মারা যান। উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই মারা গিয়েছিলেন।