
বরিশালের উজিরপুরে একটি চলন্ত বিআরটিসি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগেছে। তবে চালকের দ্রুত বুদ্ধি ও যাত্রীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ইসলাদি টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, এরপর স্বাভাবিক হয় যান চলাচল।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানান, বরিশালের নথুল্লাবাদ থেকে খুলনাগামী বিআরটিসি বাসটি টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। তিনি বলেন, “বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেও দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, বাসে থাকা ২০–২৫ জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি, তবে বাসটির কিছু অংশ এবং যাত্রীদের মালামাল পুড়ে গেছে।
বিআরটিসির বরিশাল বাস ডিপোর সহকারী পরিবহন কর্মকর্তা মশিউর রহমান বলেন, “খুলনাগামী বাসটি নরসিংদী ডিপোর। এটি নথুল্লাবাদ থেকে গোপালগঞ্জ হয়ে খুলনা যাওয়ার কথা ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।”
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।