নরসিংদীতে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকার ওই কারখানায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

দগ্ধ শ্রমিকদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন—মোজাম্মেল হোসেন (১৯), হোসেন আলী (২৪) ও তাইজুল ইসলাম (২৫)। তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহত অন্য চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠান অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা উৎপাদন করে আসছিল। সকালে কাজ করার সময় হঠাৎ কারখানাটিতে আগুন ধরে গেলে শ্রমিকরা দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সাতজন দগ্ধ শ্রমিককে হাসপাতালে আনা হয়, এর মধ্যে দুজনের শরীরের প্রায় ৬০ শতাংশ এবং একজনের ৫০ শতাংশ পুড়ে গেছে। তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি এমদাদুল হক জানান, ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে।