দেশের জ্বালানি সংকটের মূল কারণ রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ অক্টোবর) সকালবেলায় রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক নীতিনির্ধারণী আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির বলেন, অনেক স্থানে বাসাবাড়ি ও শিল্পখাতে অবৈধভাবে গ্যাসলাইন সংযোগ দেওয়া হয়েছে। জানার পরও যে সেখানে গ্যাস সরবরাহ সম্ভব নয়, তবুও দুর্নীতির মাধ্যমে লাইন দেওয়া হয়েছে এবং লেনদেন হয়েছে। এর ফলে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে।

তিনি আরও জানান, প্রাকৃতিক গ্যাস চড়া দামে আমদানি করতে হচ্ছে, যা দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে এলপিজি আমদানি সহজ ও ব্যয়-সাশ্রয়ী করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এলপিজির দাম নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। দায়িত্বহীন ব্যবসা বন্ধ করতে হবে এবং শিল্প কারখানায় সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এলপিজি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া উচিত।

আলোচনায় দেশের জ্বালানি খাতের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত শেয়ার করেন।