অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সফরসঙ্গীদের সঙ্গে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করেন। ফ্লাইটটি রাত ১টা ৪০ মিনিটে উড্ডয়ন করে। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এ ছাড়াও তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক আয়োজনে অংশ নেবেন।

তার ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।