বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি ফিচার। নিয়মিত আপডেট ও নতুন ফিচারের কারণে ফেসবুক সব সময়ই ব্যবহারকারীদের নজর কাড়ে। তবে অনেক সময় নতুন ফিচারগুলো এতটাই নীরবে যুক্ত হয় যে ব্যবহারকারীরা তা টেরও পান না।

এবার ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন ‘ডিসলাইক’ বাটন। যদিও এটি এখনো সকলের জন্য উন্মুক্ত নয়, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকের মোবাইল অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী নতুন ‘ডিসলাইক’ বাটন দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে পোস্ট বা মন্তব্যে সহজেই বিরূপ প্রতিক্রিয়া জানানো যাবে। শুরুতে ফেসবুক একটি তীরচিহ্নযুক্ত “Annoying” বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল, যা কয়েক ঘণ্টার মধ্যেই ‘Dislike’ নামে পরিচিত হয়েছে। তবে এই ফিচারটি এখনও ফেসবুকের ওয়েব সংস্করণে নেই এবং সব মোবাইল ফোনে দেখা যায় না। মেটা কর্তৃপক্ষও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথমে সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে চালু করে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার পর ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে।

এ ফিচারের প্রয়োজনীয়তা নিয়ে ব্যবহারকারীদের দীর্ঘদিন ধরে দাবি ছিল। ‘লাইক’ বা অন্যান্য রিয়েকশন সাধারণত ইতিবাচক অনুভূতি প্রকাশ করে, কিন্তু সব পোস্ট বা মন্তব্য যে সমর্থন যোগ্য, তা নয়। তাই এই ‘ডিসলাইক’ বাটন যোগ করে ব্যবহারকারীদের জন্য বিরূপ প্রতিক্রিয়া জানানো সহজ করা হয়েছে।