কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের দ্বিতল সিঁড়ি থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ বশিরুল ইসলাম (৩৪)-এর মরদেহ উদ্ধার করে। তিনি মৃত আব্দুল হাকিমের ছেলে ও এক সন্তানের বাবা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বশিরুল ইসলাম সম্প্রতি জীবিকা নির্বাহের জন্য সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। দুই মাস সেখানে থাকার পর অসুস্থ হয়ে দেশে ফিরেছেন এবং দেড় মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়িতে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বশিরুলের স্ত্রী মিতু আক্তার জানান, তিনি সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বের হয়েছিলেন, এরপর আর বাড়িতে ফেরেননি এবং ফোনও রিসিভ করেননি। স্থানীয় যুবক তরিকুল ইসলাম টিপন জানান, মসজিদের ইমামের নির্দেশে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখার সময় সিঁড়িতে ঝুলন্ত বশিরুলের লাশ দেখতে পান এবং বিষয়টি ইমাম ও এলাকাবাসীকে জানান।

মসজিদের সভাপতি মো. বশিরুল ইসলাম বলেন, ইমাম আমাকে ফোন করে লাশের কথা জানালে আমি পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

দেবিদ্বার-বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে সময় লাগবে, তবে পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।