শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছে। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির নির্ধারিত তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।

এ ছাড়া ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও কার্যত খুলবে ২৫ অক্টোবর (রোববার)।

সব মিলিয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করবে।