
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
স্বতন্ত্রদের মধ্যে সমাজসেবা সম্পাদক হয়েছেন যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী। সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ঐক্যবদ্ধ জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মুহা. মহিউদ্দীন খানও জয়ী হয়েছেন একই জোটের প্রার্থী হিসেবে।
এর পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদকসহ আরও ২০টি পদে জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। সদস্য পদেও বিপুল সংখ্যক প্রার্থী নির্বাচিত হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে।
নির্বাচন মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন, যার মধ্যে ছাত্রী হলে ১৮,৯৫৯ এবং ছাত্র হলে ২০,৯১৫ জন।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।