
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন টানা ৪০ দিন বন্ধ থাকা অবস্থায় কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম ডিএসসিসি ভবনে গিয়ে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, অভিযোগ অনুযায়ী ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজে-কলমে ভুয়া জ্বালানি বিল দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে এনফোর্সমেন্ট ইউনিট নথিপত্র ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। সেই সময় অফিস কার্যত বন্ধ থাকলেও প্রতিদিন প্রতিটি গাড়ির জন্য ১৪–১৫ লিটার তেলের খরচ দেখানো হয়।
ডিএসসিসির হিসাবে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানির জন্য প্রায় ৫ কোটি টাকা ব্যয় করে। কিন্তু মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ স্বাভাবিক সময়ের মতোই দেখানো হয়েছে। অথচ ওই সময়ে অফিস কার্যক্রম চলেনি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।