
কাজের বিরতিতে অনেকেই ক্লান্তি দূর করতে চায়ের কাপে চুমুক দেন। আবার কেউ সিগারেট বা বিড়ির ধোঁয়ায় খোঁজেন প্রশান্তি। কিন্তু যারা একসঙ্গে চা ও ধূমপান করেন, তারা অজান্তেই নিজের শরীরের জন্য বড় বিপদ ডেকে আনছেন। হাতে গরম চায়ের কাপ আর জ্বলন্ত সিগারেটের এই ‘ডেডলি কম্বো’ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বিপদের সূত্রপাত কোথায়?
বিশ্বখ্যাত চিকিৎসা জার্নাল Annals of Internal Medicine-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ধূমপায়ীরা প্রায়ই চায়ের সঙ্গে সিগারেট খেতে অভ্যস্ত। কিন্তু এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরে ভয়াবহ প্রভাব ফেলে।
কি ধরনের ক্ষতি হতে পারে?
অতিরিক্ত গরম চা যদি ধূমপান বা অ্যালকোহলের সঙ্গে একসঙ্গে গ্রহণ করা হয়, তাহলে খাদ্যনালি (ইসোফেজিয়াল) ক্যানসারের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। নিয়মিত চা ও সিগারেটের মিশ্রণে ফুসফুসের ক্যানসার, পাকস্থলীর আলসার এবং হজমের জটিলতা দেখা দিতে পারে।
চায়ে থাকা ক্যাফিন সাধারণত হজমে সহায়ক। কিন্তু সিগারেটের নিকোটিনের সঙ্গে মিশলে এটি উল্টো প্রভাব ফেলে—ফলে মাথাব্যথা, ঘুমঘুম ভাব, এমনকি দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকিও তৈরি হয়।
গবেষণার তথ্য
চীনের পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারের এক গবেষণায় ৩০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় সাড়ে চার লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। নয় বছরের পর্যবেক্ষণে দেখা গেছে—যারা নিয়মিত চা পান করেন এবং পাশাপাশি ধূমপান ও মদ্যপান করেন, তাদের ইসোফেজিয়াল ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় সাত গুণ বেশি। এ ছাড়া এই অভ্যাস গড় আয়ু প্রায় ২০ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে।
সমাধান কী?
চা নিজে কোনো ক্ষতির কারণ নয়, বরং এটি শরীরের জন্য উপকারী। কিন্তু ধূমপান বা অ্যালকোহলের সঙ্গে একসঙ্গে গ্রহণ করলে সেটিই হয়ে ওঠে নীরব ঘাতক। তাই স্বাস্থ্য সুরক্ষায় চা পান করুন, কিন্তু সিগারেটের ধোঁয়া থেকে থাকুন দূরে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।