বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা কিংবা চেতনার নামে ব্যবসা আর চলবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা আসলে ধর্ম ব্যবসায়ী। একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি, শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ আর বিক্রি করতে না পারে।”

আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে ‘মেগা দুর্নীতি’ হয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, “২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিদেশে পাচার হয়েছে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা, আর লুটপাট হয়েছে ২ লাখ ৮০ হাজার কোটি টাকা। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু শেষ পর্যন্ত ৪০ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে।”

দেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে জানিয়ে তিনি বলেন, “অনেক রক্ত ও ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন একটাই লক্ষ্য—একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা। কেউ কেউ বলছে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত।”

তিনি আরও বলেন, “শুধু ভাষণ ও আশ্বাসে আর সীমাবদ্ধ থাকব না। মানুষ এখন শোষণের সংস্কৃতি বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মিসইনফরমেশনের জবাব দিতে হবে। নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে যেন অপতথ্য দিয়ে কেউ জনগণকে বিভ্রান্ত করতে না পারে। তরুণদেরও সোচ্চার হতে হবে।”