দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে অবিরাম। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত এই রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, আর একজন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মিটফোর্ড হাসপাতালে একজন মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ব্যক্তি ছিলেন ওই বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৩৮ জনের, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৩৫৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশই পুরুষ। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যাই বেশি। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকা বাদে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় সর্বোচ্চ ২১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গাজীপুর জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৬১ জন। দুই সিটি করপোরেশন এলাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬৯ জন।

ঢাকার বাইরে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে নতুন রোগী ৩০১ জন।

চলতি বছর ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা গেছে সেপ্টেম্বর মাসে। তবে চলতি অক্টোবর মাসেও সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমেই বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, টানা বৃষ্টিপাত ও কার্যকর মশা নিয়ন্ত্রণের অভাবে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে।