জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গান-বাজনা ও বিনোদনমূলক কার্যক্রম চলায় সেটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, স্টেডিয়ামে নিয়মিত গান-বাজনা হয় এবং খেলার আড়ালে অ-ইসলামিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, “বায়তুল মোকাররম মসজিদের আশপাশে নাচ-গান বা কোনো ধরনের গানের অনুষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ থাকতে হবে।”

সমাবেশে মুফতি সুলতান দাবি করেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে অন্তর্বর্তী সরকার স্টেডিয়ামটি মসজিদের পাশ থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করবে। স্টেডিয়ামের জায়গাটি সরকারি গুরুত্বপূর্ণ অফিস বা আদালত স্থাপনের মতো কাজে ব্যবহার করার পরামর্শও দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “এই দেশের মুসলমানরা ইসলামের, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি। ইসলামের অবমাননা, নবীর অবমাননা, কোরআনের অবমাননা আমরা বরদাশত করব না।” সমাবেশে ‘কোরআন অবমাননাকারীর বিচার’ এবং ‘জুলাই সনদের আইনি ভিত্তি’সহ মোট সাত দফা দাবি উপস্থাপন করা হয়।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা স্টেডিয়াম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। মন্তব্য পেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।