ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ আজ (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে, যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ আগস্ট বিকেল ৩টা।

ডাকসু ও হল সংসদ আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ বা জমাদানের সময় মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে আসা নিষিদ্ধ। এছাড়া, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহিষ্কৃত বা মামলায় অভিযুক্ত শিক্ষার্থীর নাম প্রমাণসাপেক্ষে বাদ দেওয়া হবে।

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। এর আগে, সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।