রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয় এবং তার আইনজীবী ওবাইদুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি পরিচালনা করেন।

শুনানি চলাকালীন অজয় কর বলেন, “আমি ছাত্রলীগের নেতা থাকাকালীন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমার দ্বারা কেউ কখনো অন্যায়ের শিকার হননি। জুলাই আন্দোলনের সময় আমি বাসায় ছিলাম এবং বাইরে বের হইনি। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। এছাড়া আমি অসুস্থ।”

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তার সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অজয় করকে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ২৪ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২২ এপ্রিল গুলশান থানাধীন জব্বার টাওয়ারের পাশে অজ্ঞাতনামা ৩০–৩৫ জন সমবেত হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান প্রদান করেন। এ ঘটনায় ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।