
অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠান সফল করতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে এসব ট্রেন ব্যবহার করা হবে, যা ফেরত যাত্রাসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা। ব্যয়ভার বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ট্রেন ভাড়ার বিষয়ে চিঠি দেওয়া হয়। পরে মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা পাঠায়।
এই উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও রেলপথ মন্ত্রণালয় বলছে, বৈধ প্রক্রিয়ায় অর্থ পরিশোধের শর্তে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, “যেমন রাজনৈতিক দলগুলো আবেদন করে ট্রেন পায়, তেমনি এবার সরকারের একটি মন্ত্রণালয়ের অনুরোধে আমরা ট্রেন বরাদ্দ দিয়েছি। টাকা আমরা পাচ্ছি, সুতরাং বিধি অনুযায়ী কাজ করেছি।”
রেলওয়ে সূত্র জানিয়েছে, বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি ভাড়া নেওয়া হয়।
ভাড়াকৃত ট্রেনগুলোর তালিকায় রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল। নিচে ট্রেনভেদে ভাড়া ও আসনের হিসাব তুলে ধরা হলো:
জেলা/উৎস কোচ আসন সংখ্যা ভাড়া
চট্টগ্রাম ১৬ ৮৯২ ৭ লাখ টাকা+
জয়দেবপুর ৮ ৭৩৬ ৭২,৫০০ টাকা
নারায়ণগঞ্জ ১০ ৫১০ ৫৬,৫০০ টাকা
নরসিংদী ১২ ৬৫২ ৯৫,০০০ টাকা
সিলেট ১১ ৫৪৮ ৩.২৩ লাখ টাকা
রাজশাহী ৭ ৫৪৮ ৪.৮৫ লাখ টাকা
রংপুর ১৪ ৬৩৮ ১০.৫ লাখ টাকা
ভাঙা (ফরিদপুর) ৭ ৬৭৬ ২.৬১ লাখ টাকা
সরকারঘোষিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকরা।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেন পরিচালনা নিয়মিত রেলসেবা বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।