জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে হট্টগোলের ঘটনা ঘটেছে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান সেখানে প্রবেশ করলে ছাত্রীরা প্রতিবাদ জানিয়ে তাকে বের করে দেন। এ সময় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খলার কারণে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর পৌনে ১টা পর্যন্ত সেখানে উত্তেজনা চলছিল এবং ভোটগ্রহণ স্থগিত ছিল।

এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা রয়েছে। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন মোট ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত আটটি প্যানেল এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল মিলিয়ে ২১টি ভোটকেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) ও সমান সংখ্যক সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা সম্পন্ন করা হবে।