
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে বহির্গমন পথের গেট ৪ ও ৫–এর সংযোগ অংশে দৃশ্যমান ফাটল তৈরি হয়েছে এবং সিলিংয়ের কিছু প্যানেল খসে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের পর যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সিলিংয়ের অংশ খসে পড়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জায়গা ঘিরে ফেলে এবং সাময়িকভাবে যাত্রী চলাচল সীমিত করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ডিপারচার ড্রাইভওয়ের সিলিং জয়েন্ট থেকে সামান্য প্লাস্টার খসে পড়েছে। তবে রানওয়ে, অ্যাপ্রোন বা টার্মিনালের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, কাঠামোগত সুরক্ষা নিশ্চিত করতে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল স্থাপনার ফাটল ও ঝুঁকি মূল্যায়ন শুরু করেছে। তাদের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় মেরামত বা স্থায়ী সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত তেমন আশঙ্কা দেখা যায়নি এবং সবাইকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেন।
চলতি বছরের ৫ মার্চ এবং ২৮ মে-ও ঢাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।