
নাটোরে একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিচাবাজার এলাকার ‘নাটোর বোডিং’ নামে একটি হোটেলের চতুর্থ তলার ৬২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার পারভেজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্ট কামারী গ্রামের জলু মিয়ার ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, আনোয়ার পারভেজ শনিবার রাতে ব্যবসায়িক কাজে নাটোরে আসেন এবং নিচাবাজারের ওই আবাসিক হোটেলের ৬২ নম্বর কক্ষে ওঠেন। এরপর থেকে তিনি আর কক্ষের বাইরে বের হননি। সারাদিন দরজা বন্ধ থাকায় হোটেল কর্মচারীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভিতর থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মাহাবুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— অসুস্থতাজনিত কারণেই আনোয়ার পারভেজের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।