
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরটি অনুষ্ঠিত হবে মাত্র পাঁচটি দল নিয়ে। দলগুলো হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলের নামে। তবে এখনো ফ্র্যাঞ্চাইজিগুলোর চূড়ান্ত নাম ঘোষণা করা হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে এবারের আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সভা শেষে এসব তথ্য জানান টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেন, এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছিল মোট ১১টি প্রতিষ্ঠান। তবে নথিপত্র যাচাই-বাছাই ও পূর্ব অভিজ্ঞতা বিবেচনায় প্রথম ধাপেই তিনটি প্রতিষ্ঠান বাদ দেওয়া হয়। এরপর আর্থিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও অভিজ্ঞতা বিবেচনায় পাঁচটি প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
👉 সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের তালিকা:
- ঢাকার দল পেতে পারে রিমার্ক হরল্যান
- চট্টগ্রামের দল ট্রায়াঙ্গেল সার্ভিসেস
- সিলেটের দল ক্রিকেট উইথ সামি
- রংপুরের মালিকানা বসুন্ধরা গ্রুপ
- রাজশাহীর মালিকানা পেতে পারে দেশ ট্রাভেলস অথবা নাব গ্রুপ
তবে এসব এখনো চূড়ান্ত নয়। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে ফ্র্যাঞ্চাইজির নাম নির্ধারণ করবে বিসিবি নিজেই, মালিকরা চাইলে নিজেরা নাম নির্ধারণ করতে পারবেন না।
এবারের বিপিএল শেষ করতে হবে মাত্র ২৯ দিনের মধ্যে, কারণ ফেব্রুয়ারিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ক্রিকেটারদের বিশ্রাম নিশ্চিত করতে সংক্ষিপ্ত সময়েই পুরো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বিপিএল সদস্য সচিব মিঠু আরও জানিয়েছেন, আগামীকাল থেকে ফ্র্যাঞ্চাইজিদের ইওআই (Expression of Interest) জমা নেওয়া শুরু হবে। দলগুলোকে পাঁচ দিনের মধ্যে ব্যাংক গ্যারান্টির ১০ কোটি টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই টাকা জমা না দিলে তারা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না।
👉 আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।