
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মোহাম্মদ সায়েমের (১৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। টানা কয়েক ঘণ্টার অভিযানের পর শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দল উপজেলার নতুন বাস্তপুর গ্রামের শামরার মাঠ এলাকার মরগাঙ খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শুক্রবার দুপুর ১২টার দিকে চাচার সঙ্গে খালে মাছ ধরতে গিয়ে স্রোতে পানিতে তলিয়ে যায় সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে ঠেলা জাল দিয়ে মরগাঙ খালে মাছ ধরতে যায় সায়েম। মাছ ধরার একপর্যায়ে সে মাঠ থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে ঠেলা জালসহ খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে দ্রুত তার চাচা ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজি করেও তারা সায়েমকে উদ্ধারে ব্যর্থ হয়।
একপর্যায়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এতেও সায়েমের সন্ধান না মিললে বিকেল সাড়ে ৫টার দিকে উন্নত উদ্ধার-সরঞ্জামসহ খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। পরবর্তীতে কয়েক ঘণ্টার টানা অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দল সায়েমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সায়েমের অকাল মৃত্যুর খবরে তার পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, টানা কয়েক ঘণ্টা উদ্ধার অভিযানের পর ডুবুরি দল সায়েমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।