
বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য গুরুতর আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় ঘটেছে।
নায়েক আকতার হোসেন (আইডি নং–৬২১২৬) ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে। বিস্ফোরণের সময় তিনি বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি অস্থায়ী চৌকিতে টহল দিচ্ছিলেন। হঠাৎ মাইন বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কারণ স্থির না হওয়ায়, মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় মাইন বিস্ফোরণের উৎস নিয়ে তদন্ত চলছে। ৩৪ বিজিবির সিও এবং টুআইসি ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।