বাসায় ইন্টারনেট ব্যবহারের জন্য এখন অধিকাংশ মানুষই নির্ভর করেন ওয়াইফাই রাউটারের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, ইন্টারনেটের গতি কমে গিয়ে কাজের বড় বাধা হয়ে দাঁড়ায়। কেন এমন হয়? এবং কীভাবে সহজেই এই সমস্যা সমাধান করা যায়?

অফিসের কাজ, অনলাইন মিটিং কিংবা বিনোদনের জন্য ভিডিও স্ট্রিমিং—সব ক্ষেত্রেই দ্রুতগতির ইন্টারনেট অপরিহার্য। কিন্তু অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কের সমস্যার কারণে ইন্টারনেটের গতি কমে যায়। তবে কিছু সহজ কৌশল মেনে চললেই আপনি বাড়িতে বসেই ওয়াইফাইয়ের গতি বাড়াতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেই কার্যকর উপায়গুলো—

🔹 নিয়মিত রাউটার রিস্টার্ট করুন

প্রতিদিন অন্তত একবার রাউটার রিস্টার্ট করলে ইন্টারনেটের গতি উন্নত হয়। অনেক রাউটারেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট করার সুবিধা থাকে। সেটিংসে গিয়ে সেটি চালু করে দিতে পারেন।

🔹 ওয়াইফাই চ্যানেল ও সেটিংস অপ্টিমাইজ করুন

পাশের নেটওয়ার্কের বাধা এড়াতে রাউটারের ওয়াইফাই চ্যানেল পরিবর্তন বা অ্যাডজাস্ট করা দরকার। একইসঙ্গে সিকিউরিটি ফিচার সক্রিয় রাখলে অননুমোদিত সংযোগ বন্ধ হয়ে গতি বাড়ে।

🔹 ওয়াইফাই রিপিটার ব্যবহার করুন

বাড়ির প্রত্যেক কোণে সিগন্যাল পেতে চাইলে ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার ব্যবহার করুন। এটি মূল সিগন্যালকে শক্তিশালী করে দূরবর্তী অংশেও পৌঁছে দেয়।

🔹 কোল্ড ড্রিঙ্কসের ক্যান ট্রিক

একটি খালি কোল্ড ড্রিঙ্কসের ক্যান কেটে রাউটারের অ্যান্টেনার পেছনে লাগিয়ে দিলে সিগন্যালের দিক নির্ধারণে সহায়তা করে। এতে অনেক সময় ওয়াইফাইয়ের গতি চোখে পড়ার মতো বেড়ে যায়।

🔹 মেশ ওয়াইফাই সিস্টেম ব্যবহার করুন

বড় বা একাধিক তলার বাড়ির জন্য মেশ ওয়াইফাই সিস্টেম আদর্শ সমাধান। এটি একাধিক ডিভাইসের মাধ্যমে পুরো ঘরে সমান নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করে।

🔹 উন্নত রাউটার ব্যবহার করুন

পুরনো রাউটার সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে। তাই সর্বশেষ প্রযুক্তির এবং শক্তিশালী অ্যান্টেনাযুক্ত রাউটার ব্যবহার করলে গতি ও কভারেজ দুই-ই বাড়ে।

🔹 রাউটার রাখার সঠিক স্থান নির্বাচন করুন

ওয়াইফাইয়ের সিগন্যাল সমানভাবে ছড়িয়ে দিতে রাউটারটি ঘরের কেন্দ্রীয় স্থানে, উঁচু এবং খোলা জায়গায় রাখুন। ঢাকনা দেওয়া বা ইলেকট্রনিক ডিভাইসের পাশে রাখলে সিগন্যাল দুর্বল হয়ে যায়।

এই সহজ কৌশলগুলো মেনে চললে খুব অল্প সময়েই বাড়ির ওয়াইফাই সংযোগে পাবেন চোখে পড়ার মতো গতি বৃদ্ধি ও স্থিতিশীলতা।