কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি নেতা ও মজিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মান্নান ভূঁইয়াকে অস্ত্র ও নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে সাহাপুর গ্রামের পশ্চিম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছে।

তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হক জানান, অভিযানের সময় মান্নান ভূঁইয়ার বাড়ির বাথরুমের ছাদ থেকে দেশীয় অস্ত্র এবং তার ঘর থেকে ২ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তার মান্নান ভূঁইয়ার স্ত্রী হাজেরা খাতুন অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পুরোনো মামলা–সংক্রান্ত বিরোধের জেরে তার স্বামীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।