বিশ্বের নানা শহরে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই দূষণের কবলে আছে। যদিও সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল, তবে গত কয়েক দিন ধরে আবারও রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ফিরে গেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ২৮ মিনিটের তথ্যমতে, ১৬৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই স্কোর জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

একই সময়ে, ৩২৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি, ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি, এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান।

একিউআই মানদণ্ড অনুযায়ী:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: অত্যন্ত অস্বাস্থ্যকর
  • ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা বলেন, একিউআই যত বেশি, তত বেশি বাড়ে স্বাস্থ্যের ঝুঁকি। বায়ুদূষণের মাত্রা বেশি হলে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।