
ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে ৩৬ ম্যাচে ১০ গোল ও ৬টি অ্যাসিস্ট করার পর তিনি প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করেন।
মাত্র কয়েক মাসের মধ্যেই ১৯ বছর বয়সী ফারহান অনূর্ধ্ব-২১ দলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ছয় ম্যাচে তিনি শুরু থেকেই খেলেছেন এবং তিন গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।
গত নভেম্বর ফারহানের জন্য স্মরণীয় সময় ছিল। দুই ম্যাচে তার তিনটি গোল এবং অবদানের জন্য তিনি ‘মাসের সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। বেয়ারউড পার্কে রিডিংয়ের বিপক্ষে ৫–১ গোলে জয়ী ম্যাচে তিনি একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। এরপর টটেনহ্যাম অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ১–১ গোলে ড্রয় ম্যাচেও গোল করে দলকে হার থেকে বাঁচান ফারহান।
পুরস্কার জেতার পর ফারহান বলেন, “এটি অসাধারণ অনুভূতি। সেপ্টেম্বরেও মনোনয়ন হয়েছিল, কিন্তু তখন জেতা হয়নি। শেষ পর্যন্ত জেতার আনন্দ খুবই খুশির।”
তিনি আরও যোগ করেন, “আমি প্রতিদিন ধীরে ধীরে উন্নতি করছি। অনূর্ধ্ব-২১ দলে এটি আমার প্রথম মৌসুম, চেষ্টা করছি যতটা সম্ভব দলকে সাহায্য করতে। এই ট্রফি আমি কয়েক বছর আগে গটিঙ্গেনে পাওয়া ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ট্রফির পাশে রাখব।”
বাংলাদেশি সমর্থকরা দীর্ঘদিন ধরেই ফারহানের খেলার দিকে নজর রাখছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাকে লক্ষ্য রাখছে। তবে আপাতত ফারহানের জন্য বাংলাদেশের জার্সি পরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।